পুঠিয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আম কুড়ানোর প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রফিক মিস্ত্রি (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২০ জুন) দুপুরে পুঠিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঝলমলিয়া সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত রফিক মিস্ত্রি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা এবং তিনি দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ঘটনার দিন বাড়িতে আত্মীয় আসায় কিশোরীর মা রান্নায় ব্যস্ত ছিলেন। বাড়ির বাইরে মেয়েটি ভুট্টা পাহারা দিচ্ছিল। এ সময় প্রতিবেশী বাড়ির গৃহকর্মী রফিক মিস্ত্রি তাকে আম কুড়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং পাশের একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
জন্মগতভাবেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী ওই কিশোরী পরে ইশারায় এবং কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যদের কাছে সেই ভয়াবহ নির্যাতনের বিবরণ দেয়। তার আকুতি ও শারীরিক যন্ত্রণায় উপস্থিত প্রতিবেশীরাও স্তম্ভিত হয়ে পড়েন।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত রফিক মিস্ত্রি ৫ সন্তানের জনক। তার চারিত্রিক সমস্যার কারণে ইতিপূর্বে তিনজন স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন। এর আগেও এলাকায় নারীদের উত্ত্যক্ত করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে অভিযুক্ত রফিক ধর্ষণের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তিনি আম কুড়াতে নিয়ে গেলেও এমন কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রফিক মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা এই নক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments