জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক বার্তা দিয়েছেন। একই দিনে আরও দুটি মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে মর্মাহত করেছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পিয়া লেখেন, “আজ আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল-মানুষ আসলে কত অল্প সময়ের জন্য এ পৃথিবীতে আসে।”
তিনি জানান, বাবাকে স্মরণ করতে গিয়ে জীবনের ক্ষণস্থায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছেন। এর মধ্যেই দুটি মৃত্যুসংবাদ তার মনকে আরও ভারাক্রান্ত করে তোলে।
ফ্যাশন ব্র্যান্ড ‘পাখি’র প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা প্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পিয়া লেখেন, “মাত্র কয়েক মাস আগে তার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। তার স্বপ্ন, ভিশন এবং বাংলাদেশকে নিয়ে পরিকল্পনার কথা শুনে মুগ্ধ হয়েছিলাম। মাত্র ৩২ বছর বয়সে তার চলে যাওয়ার খবর বিশ্বাস করা সত্যিই কঠিন।”
এ ছাড়া নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর খবরেও শোক প্রকাশ করেন তিনি। পিয়া জানান, জাকির হোসেন তার একটি সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। মাত্র ৫০ বছর বয়সে তার মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
জীবন ও মৃত্যুর বাস্তবতা নিয়ে পিয়া লিখেছেন, “দিন শেষে একটা কথাই বারবার মনে হয়- মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের কথা যতটা না মনে রাখবে, তার চেয়ে বেশি মনে রাখবে আমাদের ব্যবহার, মানবিকতা এবং অন্যদের প্রতি আমাদের আচরণ।”
পোস্টের শেষাংশে বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করে পিয়া লেখেন, “আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।”




Comments