মেহেরপুর সীমান্ত দিয়ে চতুর্থবারের মতো ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’-এর চেষ্টা চালানো হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কড়া বাধার মুখে পিছু হটে ওই ৩ জনকে পুনরায় ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২৬ জুন) ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১৩৬-এর কাছে ১৩৫/৭ এস পিলারের কাঁটাতারের গেট খুলে দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। ভোরে তারা ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির নিয়মিত টহল দল এবং সজাগ থাকা স্থানীয় গ্রামবাসী তাদের গতিরোধ করেন।
উভয়পক্ষের বাধার মুখে ওই ৩ জন দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অসহায় অবস্থায় অবস্থান করেন। বিজিবি ও গ্রামবাসীর অনড় এবং কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়। অবশেষে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই ৩ জনকে পুনরায় কাঁটাতারের ওপারে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ।
ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো ওই ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এই ঘটনায় বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েক দিনে মেহেরপুর সীমান্ত দিয়ে এটি চতুর্থ পুশ-ইন চেষ্টার ঘটনা। বিজিবির পাশাপাশি গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত পাহারার কারণে প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments