Image description

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই ৬৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন বলে দাবি করেছে ক্রেমলিন। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এক রাতে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা বলে জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৬ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় ব্যবহৃত সব ড্রোনই ভূপাতিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজভ সাগরসহ এক ডজনেরও বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেসব এলাকায় পড়েছে, সেখানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটির গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, শেকিনো জেলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্বের উৎসে চাপ সৃষ্টি করা যায়।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। গত সপ্তাহেও ইউক্রেনের একটি ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটে।

সূত্র: এএফপি