Image description

বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং মনে করেন, লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। ৩৯ বছর বয়সেও আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত পারফরম্যান্স তাকে মোটেও অবাক করে না বলেও জানিয়েছেন এই ডাচ তারকা।

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত হওয়ার পর স্পোর্টস মাধ্যম ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে ডি ইয়ংকে প্রশ্ন করা হয়, ৩৯ বছর বয়সেও মেসির দুর্দান্ত ফর্ম তাকে বিস্মিত করে কি না।

জবাবে তিনি বলেন, “না, এটা আমাকে মোটেও অবাক করে না। কারণ মেসি তো মেসিই। লিও ইতিহাসের সেরা খেলোয়াড়, তাই এখানে অবাক হওয়ার কিছু নেই।”

বার্সেলোনায় দীর্ঘ সাত মৌসুম ধরে খেলছেন ২৯ বছর বয়সী ডি ইয়ং। ক্লাবে যোগ দেওয়ার পর ক্যারিয়ারের শুরুতেই তিনি মেসির সঙ্গে দুই মৌসুম খেলেছেন। সেই সময় দুজনের মধ্যে মাঠে গড়ে ওঠে দারুণ বোঝাপড়া।

পরিসংখ্যানও সেই সমন্বয়ের প্রমাণ দেয়। ৮০ ম্যাচে একসঙ্গে খেলতে নেমে তারা সাতটি গোলে সরাসরি অবদান রাখেন। ডি ইয়ংয়ের পাস থেকে মেসি পাঁচবার গোল করেছেন, আর মেসির অ্যাসিস্টে ডি ইয়ংয়ের গোল দুটি। ২০২০-২১ মৌসুমে বার্সেলোনার কোপা দেল রে জয়ে এই জুটির অবদান ছিল গুরুত্বপূর্ণ।

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলেও, মেসির প্রতি ডি ইয়ংয়ের শ্রদ্ধা এতটুকুও কমেনি।

এবারের বিশ্বকাপে সূচি অনুযায়ী নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে ডি ইয়ং আপাতত নিজেদের পরবর্তী ম্যাচ নিয়েই ভাবছেন।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ ওঠা নেদারল্যান্ডস এখন মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ডি ইয়ং বলেন, তারা ধাপে ধাপে এগোতে চান এবং এখনই শিরোপার স্বপ্নে না ভেসে পরবর্তী ম্যাচেই পুরো মনোযোগ দিচ্ছেন।

তিনি মরক্কোকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলটি এবারও দারুণ ছন্দে রয়েছে, তাই তাদের বিপক্ষে ম্যাচ মোটেও সহজ হবে না।

এদিকে আর্জেন্টিনার বর্তমান পারফরম্যান্স নিয়েও প্রশংসা করেছেন ডি ইয়ং। তার ভাষায়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও দুর্দান্ত ছন্দে রয়েছে এবং দল হিসেবে তারা অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী।