রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪তম তলার ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ওই বিভাগের ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন।
এর আগে ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন এবং ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Comments