যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি ডেটিং শো লাভ আইল্যান্ড ইউএসএ থেকে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে প্রতিযোগী আলান্না কাইজারকে সরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো কিছু পোস্ট প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানটির কর্তৃপক্ষ।
অভিযোগ অনুযায়ী, একটি পুরোনো ভিডিওতে একটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তিনি বর্ণবাদী একটি গালি উচ্চারণ করেছিলেন। এছাড়া ইনস্টাগ্রামের একটি মন্তব্য এবং স্ন্যাপচ্যাটের একটি বার্তাতেও একই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এসব পোস্ট একটি ব্যক্তিগত (প্রাইভেট) অ্যাকাউন্টে ছিল। কাইজার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেগুলো প্রকাশ্যে আসে। ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান পিককের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি আগে ধরা পড়েনি।
গত রোববার সম্প্রচারিত পর্বে আলান্না কাইজারকে প্রথম দেখা যায়। জনপ্রিয় ‘কাসা আমোর’ পর্বে নতুন প্রতিযোগী বা ‘বম্বশেল’ হিসেবে তিনি ভিলায় প্রবেশ করেছিলেন। তবে বৃহস্পতিবারের পর্বে অল্প সময় পরই অনুষ্ঠানের বর্ণনাকারী জানান, আলান্না কাসা আমোর ছেড়ে গেছেন।
চলতি মৌসুমে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে এটি দ্বিতীয় প্রতিযোগীকে সরিয়ে দেওয়ার ঘটনা। এর আগে প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর ভাসানা মন্টগোমারির দুটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকেও একই ধরনের বর্ণবাদী শব্দ ব্যবহার করতে দেখা যায়।
পরে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্টগোমারি ক্ষমা চেয়ে বলেন, তিনি যে শব্দ ব্যবহার করেছিলেন, তার কোনো অজুহাত নেই। নিজের ভুলের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং এতে মানুষ কেন কষ্ট পেয়েছে, তা তিনি বুঝতে পেরেছেন।
গত মৌসুমেও একই ধরনের অভিযোগে দুই প্রতিযোগীকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছিল। ইউলিসা এসকোবারকে একটি পডকাস্টে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি টিকটকে প্রকাশিত এক ভিডিওতে ক্ষমা চান।
একই মৌসুমে এশীয়দের উদ্দেশে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে সিয়েরা অর্তেগাকেও অনুষ্ঠান ছাড়তে হয়। পরে তিনি জানান, যে শব্দটি তিনি ব্যবহার করেছিলেন, সেটি যে বর্ণবাদী গালি হিসেবে বিবেচিত হয়, তা তিনি আগে জানতেন না।
সূত্র: বিবিসি




Comments