দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র দুদিনের ব্যবধানে বড় অঙ্কের দরপতনের পর আবারও বাড়ল মূল্যবান এই ধাতুর দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন স্বর্ণের দাম এক লাফে ৫ হাজার টাকারও বেশি কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। এর পরদিন আরও ২ হাজার টাকা কমানো হয়। তবে কমানোর সেই ধারাবাহিকতা দুদিনের বেশি স্থায়ী হলো না। নতুন করে দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments