Image description

ঢাকার সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় রিপন দাস (১৫) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, মারধরের পর থেকে রিপন দুই চোখে দেখতে পাচ্ছে না এবং তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

রিপনের মা বাসন্তী ঋষি জানান, নির্যাতনের পর প্রথমে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে না পারায় গত বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। চিকিৎসকদের মতে, মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে এবং অস্ত্রোপচার প্রয়োজন।

এ ঘটনায় রিপনের বোনের জামাই স্বপন চন্দ্র সূত্রধর গত বৃহস্পতিবার রাতে মাহাবুব হোসেন সামিরকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ এবং আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী স্বপন চন্দ্র সূত্রধর অভিযোগ করেন, শনিবার দুপুরে অভিযুক্ত ছাত্রদল নেতার মা ও মামা আনোয়ার হোসেন তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং থানার মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন।

অন্যদিকে, প্রধান অভিযুক্ত মাহাবুব হোসেন সামির সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে।

তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ছাত্রদল মাহাবুব হোসেন সামিরকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।