ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে এবং মানুষের ঘরে গচ্ছিত রাখা নগদ অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি মনে করেন, এতে বাজারে তারল্য সংকট দূর হবে এবং পাচারকৃত বা অবৈধভাবে জমানো অর্থের উৎস চিহ্নিত করা সম্ভব হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, “দেশের অনেক মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন। বিশেষ করে যারা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এই বিপুল অঙ্কের টাকা ব্যাংকিং সিস্টেমের বাইরে রয়ে গেছে।”
তিনি প্রস্তাব করেন, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোটগুলো বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তবে যাদের ট্যাক্স ফাইলে ওই অর্থের হিসাব নেই, তারা ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করতে পারবেন। এর ফলে বাজেটের ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে এবং সেই অর্থ বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে ব্যবহার করা সম্ভব হবে।
টাকা পাচারকে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মারপ্যাঁচে এটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই পাচার রোধে অভ্যন্তরীণ ব্যবস্থা শক্তিশালী করতে হবে।”
দেশের ব্যাংকের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বাংলাদেশে এত ব্যাংকের প্রয়োজন নেই। অনেক ব্যাংক লুট হয়ে গেছে। এমপি বা নেতা হলেই ব্যাংক বা লিজিং কোম্পানি পাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের সংখ্যা কমিয়ে একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “কোটি কোটি যুবককে বেকার রেখে আইনশৃঙ্খলার উন্নতি আশা করা যায় না। নতুন সরকারের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাই বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে মাত্র তিন মাসের মধ্যে একটি বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট ঘাটতি থাকলেও এটি বর্তমান পরিস্থিতিতে অস্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments