মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কাতারের রাজধানী দোহায় আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এর আগে ইরানের পক্ষ থেকে এমন কোনো পূর্বপরিকল্পিত বৈঠকের খবর অস্বীকার করা হয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকেই আলোচনার অনুরোধ জানানো হয়েছিল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।”
তবে ট্রাম্পের এই দাবির ঠিক আগে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেয় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদমাধ্যমকে জানান, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল দল’-এর কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই।
দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্যে সম্ভাব্য এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে ট্রাম্প বৈঠক হওয়ার বিষয়ে দৃঢ় দাবি করছেন, অন্যদিকে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো বৈঠকের বিষয়টি স্বীকার করেনি।
সূত্র: আল-জাজিরা।




Comments