Image description

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেছেন, অর্থ-সম্পদের প্রতি তার কোনো মোহ নেই। বরং নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং নিজেকে ভিন্ন ভূমিকায় দেখার আগ্রহ থেকেই তিনি কাজ করে যাচ্ছেন।

মাত্র ১৫ বছর বয়সে ‘চাঁদ সা রোশন চেহরা’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তামান্না। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বলিউড, তেলেগু ও তামিল চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করেছেন, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন এবং উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তামান্না ভাটিয়ার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটিরও বেশি। মুম্বাইয়ের অভিজাত এলাকায় তার একটি বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে জাকুজি, ওয়াক-ইন ক্লোজেটসহ নানা আধুনিক সুবিধা রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এত সম্পদ নিয়ে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, “জানি না এত সম্পদ নিয়ে আমি কী করব। মৃত্যুর পর তো কেউ টাকা-পয়সা সঙ্গে করে নিয়ে যেতে পারে না। তবু আমার নিজের মধ্যে একটা ঝোঁক কাজ করে। আমি সেই ঝোঁকের মাথাতেই কাজ করতে থাকি। তার মানে এই নয় যে আমি টাকার পেছনে ছুটি।”

চলতি বছর তিনি নিজের বিলাসবহুল গয়নার ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’ চালু করেছেন। ফলে অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও তার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।

কেন এত কাজ করছেন-এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আমার একটা অদ্ভুত লোভ আছে। আমি নিজেকে নতুন নতুন ভূমিকায় দেখতে ভালোবাসি। নিজের কাজের পরিধি আরও ছড়িয়ে দিতে চাই। আমি মনে করি, কোনো কাজ করলে নিজেকে সীমাবদ্ধ না রেখে যতটা সম্ভব বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া উচিত। আমি সেটাই করার চেষ্টা করি।”

তামান্নার এই বক্তব্য অনেকের কাছেই ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই বিখ্যাত দর্শনের কথা মনে করিয়ে দেয়—যোগ্যতা অর্জন করলে সাফল্য ও সমৃদ্ধি নিজেই এসে ধরা দেয়।