২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম বুধবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক জরুরি বার্তায় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ২০২৭ সালের হজের জন্য যারা আগ্রহী, তারা আজ থেকেই প্রাক-নিবন্ধন করতে পারবেন। সৌদি সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমা বা রোডম্যাপ কঠোরভাবে অনুসরণ করা হবে, যার ফলে ২৬ সেপ্টেম্বরের পর আর নিবন্ধনের সুযোগ থাকবে না।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন। সেখানে তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের এই রোডম্যাপ হস্তান্তর করেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:
হজযাত্রী নিবন্ধন শেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬।
দ্বিপাক্ষিক হজচুক্তি: ৮ নভেম্বর ২০২৬।
ভিসা ইস্যু শুরু: ২৮ জানুয়ারি ২০২৭।
হজ ফ্লাইট শুরু: ৮ এপ্রিল ২০২৭।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের প্রাক-নিবন্ধন ও পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments