বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ।
ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জয় নিশ্চিত করার পর রাজধানীর বিভিন্ন এলাকায় লাখো সমর্থক উৎসবে মেতে ওঠেন। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসেন। তাদের বেশিরভাগই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হয়েছিলেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবাকর্মীরা সড়কের আশপাশের তিনটি পৃথক স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনরা ইতোমধ্যে মরদেহ শনাক্ত করেছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, দুই কোটিরও বেশি মানুষের বসবাস মেক্সিকো সিটিতে, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরীগুলোর একটি।




Comments