Image description

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষের জেরে টেকনাফ সীমান্তে পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার পর চার দফা ভারী মর্টারশেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টেকনাফের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শাহপরীর দ্বীপের নাফ নদীসংলগ্ন এলাকার বাসিন্দা মো. আনিছুর রহমান জানান, হঠাৎ ভয়াবহ ঝাঁকুনি অনুভূত হয়। পরপর চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের সময় নাফ নদীর ওপারে আগুনের লেলিহান শিখাও দেখা যায়। স্থানীয়দের ধারণা, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির ছোড়া মর্টারশেলের বিস্ফোরণ থেকে এ শব্দের সৃষ্টি হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ বলেন, দীর্ঘদিন পর মিয়ানমারে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এর প্রভাব টেকনাফ সীমান্তেও পড়েছে। বিস্ফোরণের শব্দে অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে যান। বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সীমান্ত এলাকার বাসিন্দা মো. ইসলাম বলেন, প্রায় সাত মাস পর আবারও সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণের শব্দ শোনা গেল। মাত্র ১৫ মিনিটের মধ্যে চারবার বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকেই ভূমিকম্প হয়েছে বলে মনে করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় আবারও সামরিক অভিযান শুরু করেছে দেশটির জান্তা সরকার। বুধবার সকালেই রাখাইনের বুথিডং এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় রাতে সীমান্তসংলগ্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রাত ৯টার দিকে মিয়ানমারের মংডু এলাকার সীমান্তের ওপারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর বিকট শব্দ টেকনাফের সীমান্তবর্তী এলাকাতেও শোনা গেছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শাহপরীর দ্বীপ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ সীমান্তবর্তী এলাকাতেও শোনা গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।