পায়রা সেতু টোল প্লাজা
ঘুষ নিয়ে অতিরিক্ত ওজনের ট্রাক পারাপারের অভিযোগে টোলকর্মী বরখাস্ত
পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে এক টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এক হাজার টাকা ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে ট্রাকটি ছেড়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় টোলকর্মী মো. হাসানকে এই শাস্তি দেওয়া হয়। একই ঘটনায় অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনের দায়ে ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টোল প্লাজা সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সন্ধ্যায় ২২ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-০৮৯৯) ২৩ দশমিক ৮০ টন পণ্য নিয়ে পায়রা সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। সেখানে দায়িত্বরত টোলকর্মী মো. হাসান এক হাজার টাকা ঘুষ নিয়ে নিয়ম লঙ্ঘন করে ট্রাকটিকে সেতু পার হওয়ার সুযোগ দেন।
তবে ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে সেখানে দায়িত্বরত অন্য কর্মীদের সন্দেহ হয়। তারা ট্রাকটি আটক করে চালককে টোল অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক তদন্তে ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হলে টোলকর্মী মো. হাসানকে তাৎক্ষণিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করে টোল কর্তৃপক্ষ।
পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেতুর নিরাপত্তা ও নিয়ম রক্ষায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।
এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে প্রায়ই এমন অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপার করা হয়, যা সেতুর দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমন অনিয়ম রোধে নিয়মিত কঠোর নজরদারি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
মানবকণ্ঠ/ডিআর




Comments