সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।
শুক্রবার (৩ জুলাই) ৭৩ বছর বয়সী এই সাবেক নৌপ্রধানকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০০৬ সালে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই যোশিতা রাজাপক্ষকে নৌবাহিনীতে নিয়োগ এবং ২০০৯ সালে ব্রিটেনের ডার্টমাউথ নেভাল কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা করতে তিনি ক্ষমতার অপব্যবহার করেন।
এর আগে গত মাসে একই মামলায় যোশিতা রাজাপক্ষকে গ্রেফতার করা হলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পৃথক মামলাও চলমান।
কারান্নাগোডার বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং ২০০৮-০৯ সালে ১১ যুবককে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি অনূঢ়া কুমারা দিশানায়েকের প্রশাসন রাজাপক্ষ আমলের স্থগিত মামলাগুলো পুনরায় সক্রিয় করায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।




Comments