Image description

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে স্পিকার মরহুম খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’র স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

বৈঠকে স্পিকার ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। স্পিকার সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই শান্তি প্রক্রিয়া সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহায়তা চান এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার এই প্রস্তাব বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

পরে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এছাড়া তিনি ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবা বৃদ্ধির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন।

মানবকণ্ঠ/ডিআর