জুলাই বিপ্লবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে পুঁজি করে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তবে জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা কাম্য নয়। কোনো চেতনাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা কখনো ভালো ফল বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”
পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিদেশে অবস্থান করে বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।”
সম্মেলনে জুলাই আন্দোলনের গুরুত্ব এবং বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments