Image description

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

এই ম্যাচে দুই দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের সামনে রয়েছে বাড়তি সতর্কতার চ্যালেঞ্জ। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো ও ডিফেন্ডার দানিলো, পাশাপাশি নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্তোনিও নুসা—তিনজনই একটি করে হলুদ কার্ড নিয়ে মাঠে নামবেন। নরওয়ের বিপক্ষে কিংবা ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তারা আবারও হলুদ কার্ড দেখলে, নিজ নিজ দল কোয়ার্টার ফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না।

ব্রাজিল শেষ ৩২-এর লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। সেই ম্যাচে জাপানের একটি পাল্টা আক্রমণ থামাতে গিয়ে দানিলো হলুদ কার্ড দেখেন। একই ম্যাচে ক্যাসেমিরোকেও সতর্কবার্তা দেখান রেফারি। ফলে নরওয়ের বিপক্ষে তাদের বাড়তি সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের ম্যাচে প্রথমার্ধের ৪৫ মিনিটে হলুদ কার্ড দেখেন অ্যান্তোনিও নুসা। আর্লিং হালান্ডদের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফুটবলারও নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।

২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হয়েছে। এর ফলে খেলোয়াড়দের হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার ঝুঁকিও বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফা নতুন কার্ড নীতি চালু করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) করা হয়েছে। এরপর নকআউট পর্বে নতুন করে কার্ডের হিসাব শুরু হয় এবং কোয়ার্টার ফাইনাল শেষে তা আবার রিসেট হবে।

বর্তমান নিয়মে, ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে একজন খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। তাই শেষ ৩২-এর ম্যাচে হলুদ কার্ড পাওয়া কোনো ফুটবলার যদি শেষ ষোলোর ম্যাচেও একই শাস্তি পান, তাহলে তার দল কোয়ার্টার ফাইনালে উঠলেও তিনি সেই ম্যাচে খেলতে পারবেন না।

মানবকন্ঠ/এসএস