Image description

পাবনার সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। মাদকাসক্ত আব্দুর রাজ্জাক (৩০) সাঁথিয়া পৌর এলাকার ফকিরপাড়া মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানায় তার পরিবার।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে সে মাদক সেবনের টাকা না পেলে তার মা এবং স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে। তার মাকে সে একাধিকবার মারধর করে বাড়ি থেকে বের করেও দিয়েছে। আব্দুর রাজ্জাকের মা মনোয়ারা খাতুন ছেলের অত্যচারে অতিষ্ঠ হয়ে পারিবারিকভাবে সবার পরামর্শে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) রাতে তার নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ। 

রোববার (৫ জুলাই) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অপরাধে আব্দুর রাজ্জাককে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা দিতে না পারায় আরও এক মাসের কারাদণ্ডসহ মোট এক বছর এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকাসক্ত আব্দুর রাজ্জাকের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোববার (৫ জুলাই) পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।