Image description

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার সাম্প্রতিক ফোনালাপে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে উশাকভ জানান, আগামী সপ্তাহে আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে শনিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ৯০ মিনিটের ফোনালাপ হয়। আলোচনায় ট্রাম্প দ্রুত যুদ্ধের অবসান এবং সংকট নিরসনের পথ খুঁজতে সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

উশাকভের ভাষ্য অনুযায়ী, ফোনালাপটি ছিল ‘পেশাদার ও অত্যন্ত গঠনমূলক’। তিনি বলেন, রাশিয়া এখনও রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংঘাতের সমাধান চায় এবং নিজেদের মৌলিক অবস্থান থেকেই সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, শনিবার তার সঙ্গে ট্রাম্পের পৃথক ফোনালাপ হয়েছে। তিনি বলেন, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধফ্রন্টের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং যুদ্ধের বাস্তবসম্মত সমাপ্তির সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটো সম্মেলনেও আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন।

আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্পসহ জোটভুক্ত ৩২ দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, যুদ্ধক্ষেত্রে গত কয়েক মাসে বড় ধরনের অগ্রগতি করতে পারেনি কোনো পক্ষই। বিশ্লেষকদের মতে, ড্রোনের ব্যাপক ব্যবহার ভারী সামরিক যানবাহনের চলাচল সীমিত করে দিয়েছে এবং উভয় পক্ষের ক্ষয়ক্ষতিও বাড়িয়েছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে বলেন, কিয়েভ বেসামরিক অবকাঠামো ও রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

উশাকভ আরও জানান, ফোনালাপে পুতিন ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং দাবি করেন, রুশ বাহিনী ধারাবাহিকভাবে নতুন নতুন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

এর আগে শুক্রবার রাশিয়ার সামরিক কর্মকর্তারা পুতিনকে জানান, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে রুশ বাহিনী। তবে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও দেশটির জেনারেল স্টাফ এই দাবি নাকচ করে বলেন, শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।

উল্লেখ্য, গত মাসে পুতিনকে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি রুশ প্রেসিডেন্ট।

সূত্র: এএফপি।

মানবকন্ঠ/এসএস