Image description

সদ্যঘোষিত নির্বাহী কমিটি নিয়ে তীব্র মতবিরোধ ও উত্তেজনার মুখে জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভা হট্টগোলের মধ্যে পণ্ড হয়েছে। বৈঠকে নতুন কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা স্থগিত করা হয়।

রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সদ্য ঘোষিত ১৫১ সদস্যের নির্বাহী কমিটিতে বিতর্কিত ও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতাদের অন্তর্ভুক্তির দায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতারা একে অপরকে দোষারোপ করতে থাকেন। এতে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক নয়নের মধ্যেও সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়, যা ‘তুই-তুকারি’ পর্যায়ে পৌঁছে যায় বলে দাবি করেছেন উপস্থিত কয়েকজন নেতা।

যুবদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটির সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন সভাপতি মুন্না। এর জবাবে সাধারণ সম্পাদক নয়ন সহ-সভাপতি মো. কামরুজ্জামান, শামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের অতীত আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

সূত্র আরও জানায়, বৈঠকে সহ-সভাপতি মাহমুদুস সালেহীন অভিযোগ করেন, কক্সবাজারে আরেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এ সময় কয়েকজন নেতা মাহমুদুস সালেহীনের রাজনৈতিক সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

একপর্যায়ে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহকে উদ্দেশ করে বলেন, “তুমি সভাপতির স্বাক্ষরে সহ-সভাপতি হয়েছ।” এরপর ফিরোজ আবদুল্লাহ বৈঠক থেকে বেরিয়ে যান। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সভা স্থগিত ঘোষণা করা হয়।