তীব্র তাপপ্রবাহ থেকে বাচঁতে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে দেশটির কয়েকটি মসজিদ। দাবদাহে অতিষ্ঠ মানুষের স্বস্তির জন্য মসজিদগুলোর দরজা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গরমে অসুস্থ বা ক্লান্ত যে কেউ সেখানে এসে বিশ্রাম নেওয়া, শীতল পরিবেশে অবস্থান এবং বিশুদ্ধ পানীয় জল পানের সুযোগ পাচ্ছেন।
এই মহতী উদ্যোগটি নেওয়া হয়েছে রাজধানী প্যারিসের পূর্বাঞ্চলীয় শহরতলি মঁত্রইয়ের (Montreuil) কয়েকটি মসজিদে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমের কারণে ফরাসি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে স্বাস্থ্য সতর্কতা জারি করায় স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য এই সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বয়স্ক, পথচারী ও গৃহহীন মানুষের কষ্টের কথা বিবেচনায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মসজিদগুলোর নামাজের হল সাময়িকভাবে বিশ্রামকেন্দ্রে পরিণত হয়েছে। কেউ চেয়ারে বসে জিরিয়ে নিচ্ছেন, আবার কেউ শীতল কার্পেটে শুয়ে ক্লান্তি দূর করছেন। স্বেচ্ছাসেবীরা আগন্তুকদের মাঝে ঠাণ্ডা পানির বোতল ও খেজুর বিতরণ করছেন।
মঁত্রই মুসলিম কাউন্সিলের সভাপতি হাসান হারমুজ বলেন, "তীব্র গরমে রাস্তায় মানুষের দুর্ভোগ দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই সামান্য শীতল পরিবেশের খোঁজে ঘুরছিলেন। সেই প্রয়োজন থেকেই মসজিদগুলো সবার জন্য খুলে দেওয়া হয়েছে।" তিনি জানান, টানা ১০ দিনের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পুরো সময়জুড়েই এই সেবা অব্যাহত রয়েছে। মসজিদের উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাইরের তপ্ত আবহাওয়া থেকে আসা মানুষদের মুহূর্তেই স্বস্তি দিচ্ছে।
মঁত্রইয়ের আল-ইসলাহ মসজিদের খতিব ইব্রাহিম বালহাজ বলেন, "মসজিদের দায়িত্ব শুধু ইবাদতের স্থান হওয়া নয়, বরং সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমরা ফ্রান্সে ইসলামের মানবিক ও ইতিবাচক দিকটি তুলে ধরার চেষ্টা করেছি। সহাবস্থান ও সামাজিক সংহতি যে কেবল কথার কথা নয়, আমরা তা বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।"
ফ্রান্সজুড়ে চলমান এই প্রাকৃতিক দুর্যোগে মঁত্রইয়ের মসজিদগুলোর এমন সংবেদনশীল ও মানবিক পদক্ষেপ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, বিপদের মুহূর্তে উপাসনালয়গুলো যে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে, এই উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মানবকণ্ঠ/ডিআর




Comments