হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে চা বাগানের ভেতর একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রকাশ রেলী ওই চা বাগানের মৃত চম্পক রেলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাগানের একটি আকাশমণি গাছে প্রকাশের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসীর দাবি, প্রকাশ রেলী ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক ছিলেন। সোমবার শেষ রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয়দের ধারণা, প্রিয় দলের এমন বিদায়ে ক্ষোভে ও দুঃখে তিনি আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে পুলিশ এখনই বিষয়টিকে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ হিসেবে ঘোষণা করেনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments