খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ভয়াবহ গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি চলে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং এখনো সেখানে চাপা উত্তেজনা বিরাজ করায় মরদেহ উদ্ধারে কিছুটা সময় লাগছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর থেকে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে এই সংঘর্ষ ও নিহতের বিষয়ে ইউপিডিএফ বা জেএসএস-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments