Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহণের ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।  সোমবার (৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার প্রস্তুতি নেওয়ার সময় বাসটি পুরোপুরি থামার আগেই পরিবহণকর্মীরা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এতে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

আফরিন জানান, তিনি সড়কে পড়ে যাওয়ার পরপরই তার পেছনে আরেকটি বাস চলে আসছিল। তবে সেখানে স্পিডব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে সেলফি পরিবহণের ছয়টি বাস আটকে প্রতিবাদ জানান। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ঘটনাটি তদন্ত শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে। সংশ্লিষ্ট বাস এবং দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।