পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে সৈকতের গঙ্গামতি এলাকার বনবিভাগের রিজার্ভ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার পরনে কালো প্যান্ট ও একটি সাদা গেঞ্জি ছিল। গেঞ্জিটিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গঙ্গামতি সৈকতে কয়েকজন লোক গোসল করতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তির মরদেহ হতে পারে, তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, “গঙ্গামতি সৈকত থেকে ৩০-৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরনের গেঞ্জি দেখে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মানবকণ্ঠ/ডিআর




Comments