Image description

২০ দিনেরও বেশি সময়ের বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এরপর তিনি ফিলিপাইন ও মালদ্বীপ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) ঢাকার উদ্দেশে নিউইয়র্কে রওনা হবেন তিনি। ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউইয়র্কে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি।

নিউইয়র্ক সফর শেষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের (এএমএম) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন খলিলুর রহমান। এতে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরকালে তিনি আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ), আসিয়ান প্লাস থ্রি এবং বিভিন্ন আঞ্চলিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি এআরএফের সাইডলাইনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

ফিলিপাইন সফর শেষে তিনি মালদ্বীপ সফর করতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।