উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল ছিল ৫২ দশমিক ১৮ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে পানি কিছুটা কমতে থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। তবে বৃহস্পতিবার রাতে আবারও পানি বাড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য বন্যার আশঙ্কায় চরাঞ্চল ও নিচু এলাকার বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
ডালিয়া ব্যারাজ পয়েন্টের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা পানির প্রবাহের কারণে তিস্তার পানি ওঠানামা করছে। বর্তমানে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
পাউবোর কর্মকর্তারা আরও জানিয়েছেন, উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে তিস্তা নদীর পানির স্তর আরও বাড়তে পারে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।




Comments