Image description

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি জানিয়েছেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ চালুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী ময়নামতি জাদুঘরের প্রতিটি গ্যালারি ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত প্রাচীন সমতট অঞ্চলের ঐতিহাসিক পাথর ও ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ফলক (টেরাকোটা), প্রাচীন মুদ্রা ও লিপিসহ হাজার বছরের পুরোনো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি অত্যন্ত আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি জাদুঘর চত্বরে প্রদর্শিত প্রাচীন 'জীবাশ্ম বৃক্ষ' (Fossil Tree) প্রত্যক্ষ করেন।

পরিদর্শন শেষে প্রত্নতাত্ত্বিক সম্পদসমূহের সঠিক রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, "ময়নামতি জাদুঘর আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য জীবন্ত দলিল। দেশি-বিদেশি পর্যটক এবং তরুণ প্রজন্মের কাছে আমাদের গৌরবময় ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এই জাদুঘরের আধুনিকায়ন ও প্রাচীন নিদর্শনাদির বিজ্ঞানসম্মত সংরক্ষণ নিশ্চিত করতে হবে।"

ময়নামতি জাদুঘর পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার।

এছাড়াও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর