পাকিস্তানের করাচির কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও দুই শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এতে হাসপাতালটির সঙ্গে সংশ্লিষ্ট আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১১ জুলাই) জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্ত শিশুদের একজন তিন বছর বয়সী। বুকের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বিভিন্ন পরীক্ষায় তার শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। শিশুটির পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি হয়।
এর আগে সিন্ধের শ্রমমন্ত্রী সাঈদ ঘানি জানিয়েছিলেন, ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্তত ৭৮ শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, সিন্ধ হাইকোর্ট এ ঘটনায় দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দিতে প্রাদেশিক সরকারকে নির্দেশ দিয়েছে। এক আবেদনে অভিযোগ করা হয়েছে, হাসপাতালের অবহেলা ও দূষিত সিরিঞ্জ পুনর্ব্যবহারের কারণে প্রায় ২০০ শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছে। তবে এ অভিযোগের তদন্ত চলছে।
আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করতে সিন্ধ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন (এসইএসএসআই) ২০০ কোটি পাকিস্তানি রুপি ব্যয়ে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।




Comments