তারাকান্দায় জমি বিরোধে অসহায় পরিবারের স্বপ্ন পুড়ে ছাই, মামলা নেয়নি পুলিশ
ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের বসতবাড়িতে সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ঘরবাড়ি, গবাদিপশু ও খাদ্যশস্যসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তবে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও মামলা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নম্বর রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের মোছা. রাশিদা খাতুনের সাথে প্রতিবেশী সাইনুদ্দিন, সেলিম, আজিজুল ও শফিকুলদের দীর্ঘদিনের বিরোধ ছিল। রাশিদার অভিযোগ, প্রতিপক্ষের গোয়াল ঘরের ময়লা ও দুর্গন্ধ তার ঘরের পরিবেশ নষ্ট করায় তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এরই জেরে গত ৩ জুলাই প্রভাবশালীরা তাকে বেধড়ক মারধর করে। রাশিদা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৫ জুলাই ভোররাতে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় তার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা রাশিদার বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ৩টি গরুসহ মূল্যবান মালামাল লুট করা হয় এবং ৩০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীর ছেলে রিপন মিয়া জানান, আগুনের খবর পেয়ে স্বজনরা নেভাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের তাড়া করে এবং বাধা দেয়। ফলে চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত থানায় কোনো নিয়মিত মামলা হয়নি।
ভুক্তভোগী রাশিদা খাতুন আক্ষেপ করে বলেন, "সব হারিয়ে আমি এখন নিঃস্ব। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজ্ঞাত কারণে সাত দিনেও মামলা নেয়নি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
এদিকে, অভিযুক্ত সাইনুদ্দিন পক্ষের কারো সাথে সাংবাদিক পরিচয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানবকণ্ঠ/ডিআর




Comments