ফিফা বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হওয়ার পর স্পষ্ট হয়ে গেছে—এবারও ফুটবল বিশ্ব পেতে যাচ্ছে পুরোনো কোনো চ্যাম্পিয়নকে। সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে অন্তত একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। ফলে এবার নতুন কোনো দেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
রেকর্ড ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ১০০টি ম্যাচ শেষ হয়েছে। এখন বাকি রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ২২টি আসরে মাত্র আটটি দেশ শিরোপা জিতেছে। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি সেলেসাওরা। এবারও তারা কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও এবার শেষ আটে উঠতে পারেনি। অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গাই করে নিতে ব্যর্থ হয়েছে। আর দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
রোববার (১২ জুলাই) সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে নতুন কোনো দলের শিরোপা জয়ের সম্ভাবনারও ইতি ঘটে। শেষ চারে ওঠা অন্য তিন দল হলো ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড—যারা সবাই অতীতে বিশ্বকাপ জিতেছে।
আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল। এবার শিরোপা ধরে রাখতে পারলে লিওনেল মেসিদের সামনে থাকবে চতুর্থ বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগ। সেক্ষেত্রে বিশ্বকাপের শিরোপা সংখ্যায় জার্মানি ও ইতালির সমকক্ষ হবে আলবিসেলেস্তেরা।
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও এবার অন্যতম দাবিদার। অন্যদিকে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন এবং ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডও শেষ চারে জায়গা করে নিয়ে শিরোপার দৌড়ে টিকে আছে।
সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স, আর আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচের বিজয়ীরাই লড়বে বিশ্বকাপের শিরোপার জন্য।




Comments