প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে এবং অতি সম্প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারকে বিদায় করেছে। দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের কল্যাণে সবাইকে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি আগামী এক বছরের মধ্যে সারাদেশে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। পরে দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে প্রায় ৪ কোটি পরিবার রয়েছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আজ গৌরনদীতে ৬০০ পরিবার কার্ড পেয়েছে, পর্যায়ক্রমে বাকিরাও পাবে।” তিনি আরও জানান, নতুন বাজেটে এই কর্মসূচির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী এক বছরে সারাদেশে ৪১ লাখ পরিবার এই সুবিধা পাবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। আমরা সেটির ধারাবাহিকতায় স্নাতক (অনার্স) পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করব। যারা ভালো ফল করবে, তাদের বৃত্তির ব্যবস্থা করা হবে।”
সাগরদী খালে বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী বলেন, “নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। পাশের দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, গাছগুলোর যত্ন নিতে হবে।” তিনি সাগরদী খাল রক্ষায় স্থানীয়দের পলিথিন ও প্লাস্টিক না ফেলার অনুরোধ জানান।
এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে সকালে সরকার গঠনের পর প্রথম বরিশাল সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করেন তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments