Image description

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সরকারি বাহিনীর হামলার পর একটি ইরানি যাত্রীবাহী বিমান বিকল্প হিসেবে পশ্চিমাঞ্চলীয় হুদায়দাহ বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েমেনের সরকারি বাহিনী হামলা চালালে সেখানে অবতরণ করতে না পেরে বিমানটি হুদায়দাহ বিমানবন্দরে যায়। ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, দিনের শুরুতে সানা বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হলে নিরাপত্তার কারণে ইরানি বিমানটির গতিপথ পরিবর্তন করে হুদায়দাহে অবতরণ করানো হয়।

এর আগে সোমবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের নিজস্ব বিমানগুলোকে সানায় অবতরণে বাধা দিচ্ছিল। একই সময়ে তারা দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘন করে ইরানি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয় বলে জানায় মন্ত্রণালয়।

অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সানা বিমানবন্দরে হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির মুখোমুখি হতে হবে এবং এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি