Image description

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী, ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রোববার রাতে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ওমানে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার আকাশ নজরদারি ও জাহাজ শনাক্তকরণ রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।

এ ছাড়া বাহরাইনের জুফাইরে অবস্থিত শেখ ইসা বিমানঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে আইআরজিসি।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের দিক থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের পর প্রতিহত করা হয়েছে। তবে আইআরজিসির দাবি, তাদের হামলায় জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটির কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে জ্বালানি ও গোলাবারুদের গুদামে আগুন লাগে।

কুয়েতে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। তাদের দাবি, এতে দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ক্ষেপণাস্ত্রের একটি গুদাম ধ্বংস হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালানো হয়েছে। এসব অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের খুজেস্তান প্রদেশের স্থানীয় প্রশাসনের দাবি, মার্কিন হামলায় অন্তত আটটি স্থানে আঘাত হানা হয়েছে। মাহশাহর এলাকায় একটি কৃষি সেচপাম্প স্টেশনে হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির তীরবর্তী বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। অন্যদিকে, ইরান দাবি করেছে, আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালিয়েছে।