জুনের দ্বিতীয়ার্ধে ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের মৃত্যুহার পর্যবেক্ষণ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬তম সপ্তাহে মহাদেশজুড়ে সব বয়স মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ। এ বয়সী মৃতের সংখ্যা ৯ হাজারেরও বেশি। তাপপ্রবাহের সময় পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে যায়।
দেশভিত্তিক হিসাবে, বেলজিয়াম ও ফ্রান্সে অতিরিক্ত মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে এ হার ছিল মাঝারি পর্যায়ে। অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল।
এদিকে, গত ৯ জুলাই ইউরোপীয় পৃথিবী পর্যবেক্ষণ ও মানচিত্রায়ন সেবা কোপার্নিকাস জানায়, ২০২৬ সালের জুন মাস ছিল ইতিহাসের উষ্ণতম জুন। ওই মাসে পৃথিবীর গড় ভূ-পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস, যা বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি স্পষ্ট ইঙ্গিত।




Comments