উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫ মিটার (এমএসএল), যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
পাউবোর কর্মকর্তারা জানান, উজানের ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে রাতে আরও পানি বৃদ্ধি পেতে পারে।
পানি আরও বাড়লে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।




Comments