হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ বা সেখান থেকে বের হতে পারবে না।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে কার্গো জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিনিময়ে যুক্তরাষ্ট্র পরিবহন করা পণ্যের মূল্যের ওপর ২০ শতাংশ হারে নিরাপত্তা ফি বা ক্ষতিপূরণ আদায় করবে। তবে এ সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এই ঘোষণা আসে। এর ফলে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি ও পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। ইরানের উপস্থিতি থাকুক বা না থাকুক, এটি সবার জন্য খোলা থাকবে। আমরা ‘ইরানি অবরোধ’ পুনর্বহাল করছি, যা শুধু ইরানের জাহাজ ও তাদের ক্রেতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করবে এবং এর বিনিময়ে পরিবহন করা সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে ফি আদায় করবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়া অবিলম্বে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
তবে ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। উপসাগরীয় অঞ্চলের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে সম্ভাব্য টোল বা ফি আদায়ের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো তার আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি।
সূত্র: অ্যাক্সিওস




Comments