রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে নিহত লক্ষ্মী বিলাস চাকমার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এই সহায়তা প্রদান করা হয়।
গত ৭ জুলাই পাহাড় ধসে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান লক্ষ্মী বিলাস চাকমা। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে জামায়াত নেতৃবৃন্দ নগদ অর্থ তুলে দেন। এছাড়া ওই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শুরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেন, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলীম বলেন, “পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হতে না পারায় বাঘাইছড়িতে বারবার ভয়াবহ বন্যার সৃষ্টি হচ্ছে। এই জনপদকে বন্যার হাত থেকে রক্ষা করতে হলে অতি দ্রুত ড্রেজারের মাধ্যমে কাচালং নদী খনন করা জরুরি।” তিনি অবিলম্বে নদী খননের কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments