Image description

জার্মানির রাজধানী বার্লিনে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়া অন্তত ১৪ নারীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রসিকিউটররা।

মঙ্গলবার (১৪ জুলাই) বার্লিন প্রসিকিউটরস অফিস জানায়, অভিযুক্ত ব্যক্তি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে নারীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের অ্যালকোহলের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর তাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করে। সেগুলোতে যৌন নিপীড়নের ভিডিও পাওয়ার পর বিষয়টি সামনে আসে।

তদন্তে এখন পর্যন্ত অভিযুক্তের সঙ্গে সংশ্লিষ্ট ৫৮ জন নারীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে ধর্ষণের ঘটনায় মোট ২২টি অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, নিম্ন স্যাক্সনি অঙ্গরাজ্যে একই ধরনের অপরাধে অভিযুক্ত আরেক ব্যক্তির তদন্ত করতে গিয়েই বার্লিনের এই ঘটনার সূত্র পাওয়া যায়।

২০২৫ সালের মার্চে প্রথম দফায় অভিযুক্তের বাসায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। পরে চলতি বছরের মার্চে দ্বিতীয় দফা অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিচারপূর্ব আটক রয়েছেন।

অভিযুক্তের বিরুদ্ধে ২২টি গুরুতর ধর্ষণ এবং বিপজ্জনক শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

সূত্র: এএফপি