বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানী প্যারিস ও লিওঁ মিলিয়ে ১৬০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধু প্যারিস থেকেই ১৪১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ প্রিফেকচারের তথ্যমতে, অধিকাংশকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগে।
এদিকে লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত সমর্থক সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ শেষে সেখানে অবস্থানরত কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস-৮৩ মোতায়েন করা হয়। পরে যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে প্রায় ২০ জনকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।
তবে সংঘর্ষের মধ্যেও স্বস্তির খবর দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পাশাপাশি সরকারি বা বেসরকারি সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।




Comments