প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত ববির জামিন মঞ্জুর করেন।
আদালতে ববির পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। তবে মামলার অভিযোগের বিস্তারিত বা কী অভিযোগে অভিনেত্রী আদালতে হাজির হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এদিন বোরকা ও সানগ্লাস পরে আদালতে উপস্থিত হন ববি। তার সঙ্গে কয়েকজন সহযোগীকেও দেখা যায়। এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্কের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন ইয়ামিন হক ববি। সর্বশেষ তাকে ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে দেখা গেছে। বর্তমানে তার নতুন কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় নেই।




Comments