Image description

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ-এর দুটি গুদামে অন্তত সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের সবাই তাম্বভ শহরের একটি গুদামে রাতের শিফটে কর্মরত ছিলেন।

রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভের গুদামে হামলায় সাতজনের মৃত্যু হয় এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ও ছয়জন গুরুতর আহত। বেশিরভাগই গোলা বা বোমার টুকরো (শ্র্যাপনেল) বিদ্ধ হয়েছেন।

অন্যদিকে, মস্কো অঞ্চলের ইলেক্ট্রস্টালে অবস্থিত ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, তাদের কয়েকজনের অবস্থাও গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এসব লজিস্টিকস কেন্দ্র রাশিয়ার ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত উপাদান সরবরাহে ব্যবহৃত হতো। একই রাতে আজভ সাগর, কৃষ্ণ সাগর ও রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতেও হামলার দাবি করেছে ইউক্রেন।

রাশিয়ার ‘অ্যামাজন’ নামে পরিচিত ওয়াইল্ডবেরিজের বাজারমূল্য ফোর্বস-এর ২০২৬ সালের হিসাবে প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। হামলার পর কোম্পানির প্রধান নির্বাহী তাতিয়ানা কিম একে রাশিয়া ও প্রতিষ্ঠানের জন্য ‘ভয়ংকর এক রাত’ বলে মন্তব্য করেছেন।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ জানিয়েছেন, হামলার সময় সীমান্তে ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়। আর মস্কো অঞ্চলের গভর্নর জানান, সেখানে আরও ৪৮টি ড্রোন গুলি করে নামানো হলেও একটি ড্রোন তেলের ডিপোতে আঘাত হানে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, জেলেনস্কি তেল স্থাপনায় ইউক্রেনীয় বাহিনীর হামলার বিষয়টিও নিশ্চিত করেছেন। অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি