ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ইতিহাস গড়েছেন মাইকেল ওলিসে। এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড এখন তার দখলে।
শনিবার মিয়ামি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দুটি গোলে সহায়তা করেন ওলিসে। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৭টি।
এর ফলে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের গড়া ৬ অ্যাসিস্টের ৫৬ বছর পুরোনো রেকর্ড ভেঙে দেন ফরাসি এই মিডফিল্ডার। এখন এককভাবে এক বিশ্বকাপ আসরে সর্বাধিক অ্যাসিস্টের মালিক ওলিসে।
ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে ওলিসের নিখুঁত পাস থেকেই নিজের জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ফ্রান্সের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ওলিসের পরই রয়েছেন পেলে (৬)। এরপর ৫টি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে আছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা (১৯৭৪), পশ্চিম জার্মানির পিয়ের লিটবার্স্কি (১৯৮২), আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং জার্মানির থমাস হেসলার (১৯৯৪)।




Comments