Image description

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

মামদানি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তার স্থান দ্য হেগের আইসিসির কাঠগড়ায়।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের ওপর তার প্রশাসনিক তত্ত্বাবধান থাকলেও কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা মেয়রের রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, তা নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে তিনি এবং ইসরাইল সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আল জাজিরা।