Image description

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে সুরাট পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন ডেল্টা হান্ট’ নামে পরিচালিত অভিযানে ১২ নারী, ৩ পুরুষ এবং ১ শিশুসহ মোট ১৬ জনকে আটক করা হয়।

সুরাট পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারা প্রায় দেড় বছর ধরে সুরাটে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি পুলিশের।

গুজরাট পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ নথি দেখাতে পারেননি। তাদের মোবাইল ফোন, ব্যাংকিং লেনদেন এবং বাংলাদেশে থাকা বিভিন্ন যোগাযোগের তথ্য যাচাই করে তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে নিশ্চিত হওয়ার দাবি করেছে পুলিশ।

সুরাট গ্রামীণ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং লোকাল ক্রাইম ব্রাঞ্চ (এলসিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সুরাট পুলিশের পরিদর্শক এল. জি. ওদেদরা বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ‘অপারেশন ডেল্টা হান্ট’ অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী অন্যদের শনাক্ত করতেও অভিযান চলবে।