Image description

বিনোদন জগতে গুঞ্জন আর রহস্য যেন একে অপরের পরিপূরক। তবে ছোটপর্দার জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী নাজনীন হাসান নিহার সাম্প্রতিক কর্মকাণ্ড বিনোদন পাড়ায় নতুন মাত্রা যোগ করেছে। দেশীয় সীমানা পেরিয়ে তার প্রেমের গুঞ্জনের হাওয়া এখন বইছে সুদূর পাকিস্তানে।

ঘটনার সূত্রপাত গত ২৯ জুন, যখন ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘এনগেজড’ লেখেন নিহা। এর পর থেকেই নেটিজেন ও ভক্তদের মাঝে শুরু হয় জল্পনা-কল্পনা। চাউর হয়, দেশের বাইরে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নিহার পরিচয় হয়, যা পরবর্তীতে রূপ নেয় প্রণয়ে। দুই পরিবারের সম্মতিতে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও গুঞ্জন ওঠে।

সম্প্রতি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে অভিনেত্রীর পাকিস্তান সফর। নিজের ইনস্টাগ্রামে করা একের পর এক স্টোরিতে নিহাকে দেখা গেছে পাকিস্তানের মনোরম নানা জায়গায় ঘুরে বেড়াতে। এমনকি সেখানে বসে উপভোগ করেছেন রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনাল ম্যাচও।

তবে হবু বরকে নিয়ে দারুণ রহস্য বজায় রেখেছেন নিহা। পাকিস্তানে অবস্থান করলেও নিজের বিশেষ মানুষটির ছবি আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেননি তিনি। অবশ্য স্ন্যাপচ্যাটে সংক্ষিপ্ত সময়ের জন্য ভেসে ওঠা একটি ‘কাপল ছবি’ চোখ এড়ায়নি ভক্তদের। সেটিতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও নিমিষেই তা মুছে ফেলা হয়।

পূর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিহা নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে বলেছিলেন, “আমি আর সিঙ্গেল নই, এনগেজড। তবে উপযুক্ত সময়েই আমি নিজের মুখে সব জানাব।”

হবু বরের দেশ বা পরিচয় গোপন রাখলেও ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন অহেতুক জল্পনা না ছড়াতে। কিন্তু তার এই সাম্প্রতিক পাকিস্তান সফর ও ফুরফুরে মেজাজ যেন সেই গুঞ্জনকেই বারবার উসকে দিচ্ছে।

ব্যক্তিগত জীবনের এই রঙিন অধ্যায়ের পাশাপাশি নিহার পেশাদার ক্যারিয়ারও দারুণ ছন্দে রয়েছে। সাম্প্রতিক ‘মায়া পাখি’ নাটকে ব্যাপক সাফল্যের পর তার ঝুলিতে জমছে নিত্যনতুন কাজের প্রস্তাব। ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মের কাজের বিষয়েও কথা চলছে। ক্যারিয়ারের এমন উড়ন্ত সময়ে ব্যক্তিজীবনের শুভসংবাদটিও নিহা দ্রুতই দেবেন বলে প্রহর গুনছেন তার অনুরাগীরা।

মানবকন্ঠ/এমআর