Image description

ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর হরিশ (৪৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, হুনসুরের নিউ মারুতি লেআউট এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিহতরা হলেন হরিশ, তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং তাদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।

পুলিশ সূত্রে জানা যায়, হরিশ প্রথমে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও দুই মেয়ের মুখ বন্ধ করে শ্বাসরোধে তাদের হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটের শুরুতে লেখা ছিল, ‘আমি ওপরতলার কক্ষে ফাঁস নিচ্ছি।’ এর নিচে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে তিনি কয়েকটি অনুরোধ লিখে গেছেন। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মামলা করেছে এবং তদন্ত শুরু করেছে হুনসুর টাউন পুলিশ। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।